বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এশিয়ান গেমস শুরুর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক চিঠির মাধ্যমে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বর্তমানে জাপানে অবস্থানরত জ্যোতি বিসিবিকে ইমেইলের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত মাঠের নেতৃত্বের অতিরিক্ত চাপ কমিয়ে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স, বিশেষ করে ব্যাটিং এবং উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগী হওয়ার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
তবে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন তিনি। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতি তামিম ইকবাল তার এই পদত্যাগের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
২০২২ সাল থেকে জ্যোতি বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়ে আসছেন। তার অধীনেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ দল নিজেদের প্রথম বৈশ্বিক জয় তুলে নিয়েছিল। বর্তমানে বাংলাদেশ নারী দল জাপানে অবস্থান করছে এবং আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এশিয়ান গেমস অভিযান শুরু হবে।

