ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযোগ উঠেছে। ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের স্পোর্টস ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে নালিশ করা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ ছয় ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেতে হতে পারে।
ঘটনার সূত্রপাত গত শনিবার সান্তোস ও বাহিয়ার মধ্যকার লিগ ম্যাচ চলাকালীন। ওই ম্যাচে প্রতিপক্ষ মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলার দায়ে নেইমারকে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। বাহিয়া ক্লাবের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, নেইমার নেস্টরকে মৌখিকভাবে লাঞ্ছিত করেছেন। ম্যাচ শেষে নেস্টর সাংবাদিকদের জানান, নেইমারের মন্তব্য তার নিজের পাশাপাশি বাহিয়া ক্লাবের মর্যাদাকেও ক্ষুণ্ণ করেছে।
অন্যদিকে, ৩৪ বছর বয়সী নেইমার মুখ ঢাকার বিষয়টি ভুল ছিল বলে স্বীকার করলেও নেস্টরকে কোনো কটূক্তি করার কথা অস্বীকার করেছেন। উল্টো নেইমার পাল্টা অভিযোগ তুলেছেন যে, ওই মিডফিল্ডার ফুটবলের সবচেয়ে নোংরা ও কূটকৌশলের আশ্রয় নিয়েছেন।
আগামী বুধবার এই শৃঙ্খলাভঙ্গের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। যদি সর্বোচ্চ শাস্তি বহাল থাকে, তবে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচগুলোতে সান্তোসকে নেইমার ছাড়াই খেলতে হবে। বর্তমানে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা সান্তোস গত মৌসুমে রেলিগেশন থেকে কোনোমতে বেঁচে গিয়েছিল, ফলে এই নিষেধাজ্ঞা দলটির জন্য বড় ধাক্কা হতে পারে।
গত শনিবার লিগের ম্যাচে বাহিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে সান্তোস।

