সর্বকালের সেরা ফুটবলার কে—লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো—২১ বছরের ফুটবল ক্যারিয়ারে এই প্রশ্নটি সবসময়ই এই দুই মহাতারকাকে তাড়া করে ফিরেছে। ফুটবল ইতিহাসে তারা একে অপরের বিরুদ্ধে ৩৭ বার মুখোমুখি হয়েছেন এবং নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন ১৩টি ব্যালন ডি’অর। তবে সব কিছু ঠিকঠাক থাকলে ফুটবলপ্রেমীদের দীর্ঘ আড়াই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই মহাতারকাকে একইসঙ্গে খেলতে দেখা যেতে পারে।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজ তার বিদায়ী ম্যাচটি আয়োজন করতে যাচ্ছেন। এই বিশেষ ম্যাচটি লা বোম্বোনেরায় আয়োজনের বিষয়ে তিনি বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে আলোচনা করেছেন। রিকেলমে, যিনি অতীতে তেভেজের সঙ্গে একসঙ্গে খেলেছেন, তিনি এই ম্যাচে খেলার আমন্ত্রণ গ্রহণ করেছেন।
তেভেজ জানিয়েছেন, এই ম্যাচে তিনি মেসি ও রোনালদো দুজনকেই একদলে পেতে চান। অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর প্রত্যাশা, মেসি ও রোনালদোর সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক থাকায় তেভেজ তাদের রাজি করাতে সক্ষম হবেন। এমনটি ঘটলে তা ফুটবল ইতিহাসে একটি অনন্য ঘটনা হয়ে থাকবে।
এ বিষয়ে এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, “আমি মেসি ও রোনালদোকে একসঙ্গে দেখতে চাই। আমি চাই ওরা একসঙ্গে খেলুক। আমি ওদের নিয়ে আসব।” তবে কেবল এই দুই মহাতারকা নন, এই ম্যাচে জিয়ানলুইগি বুফোঁ, লিয়োনার্দো বোনুচ্চি, জিয়োর্জিও চিয়েলিনি ও এডউইন ফান ডার সারের মতো কিংবদন্তি ফুটবলারদেরও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয়, দুই মহাতারকা শেষ পর্যন্ত এই ম্যাচে অংশগ্রহণের ছাড়পত্র পান কি না।

