নয় বছর আগে যে দরজাটি একবার খুলে গিয়েও বন্ধ হয়ে গিয়েছিল, এবার সেই সুযোগটিই পুরোপুরি উন্মুক্ত হলো মেহেদী হাসান মিরাজের সামনে। ২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বদলি খেলোয়াড় হিসেবে ডাক পেলেও সেবার মাঠে নামার সৌভাগ্য হয়নি তার। প্রায় এক দশক পর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ক্যারিবীয় মঞ্চে পা রাখতে যাচ্ছেন এই বাংলাদেশি অলরাউন্ডার।
আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন মিরাজ। একই সঙ্গে রহমানউল্লাহ গুরবাজের জায়গায় দলে এসেছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ হারিস। আফগানিস্তান জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে নবী ও গুরবাজকে সিপিএল ছাড়তে হচ্ছে। তাদের অনুপস্থিতিতেই মিরাজকে বেছে নিয়েছে অ্যামাজন ওয়ারিয়র্স।
চলতি মৌসুমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দুর্দান্ত ছন্দে রয়েছে; গ্লোবাল সুপার লিগ ও সিপিএল মিলিয়ে তারা ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই জয় তুলে নিয়েছে। এই সাফল্যের পেছনে মোহাম্মদ নবীর বড় অবদান রয়েছে। তিনি সিপিএলে এখন পর্যন্ত ছয় ইনিংসে ১২ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি এবং তার ইকোনমি রেটও ছয়ের নিচে। নবীর মতো একজন কার্যকর ক্রিকেটারের শূন্যস্থান পূরণ করা মিরাজের জন্য এখন বড় এক চ্যালেঞ্জ।
টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার মিরাজ। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে তার ভূমিকা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত নয়। ২০১৭ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবশেষ গত বছরের ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে তাকে জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা গিয়েছিল। এখন দেখার বিষয়, দীর্ঘ ৯ বছর পর ক্যারিবীয় মঞ্চে মেহেদী মিরাজের অভিষেক কেমন হয়।
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৯

