বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন লাউতারো মার্তিনেজ

হুলিয়ান আলভারেজের জন্য বার্সেলোনার আগ্রহের বিষয়টি ফুটবল বিশ্বে সর্বজনবিদিত। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, আলভারেজকে পাওয়ার প্রচেষ্টা ব্যর্থ হলে বিকল্প হিসেবে লাউতারো মার্তিনেজকে দলে ভেড়ানোর পরিকল্পনা ছিল কাতালান ক্লাবটির। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দলবদলের গুঞ্জন নিয়ে খোলাখুলি কথা বলেছেন ইন্টার মিলানের এই অধিনায়ক।

‘গ্রান গালা দেল ক্যালসিও’ অনুষ্ঠানে ‘স্কাই ইতালি’র সাথে আলাপকালে মার্তিনেজ বলেন, শীর্ষ পর্যায়ের খেলোয়াড় হিসেবে নিজেকে ধরে রাখতে কঠোর পরিশ্রম করতে হয়, তাই বড় ক্লাবের প্রস্তাব পাওয়াটা সবসময়ই আনন্দের। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, গুঞ্জনগুলো ভিত্তিহীন না হলেও তার ব্যক্তিগত লক্ষ্য ছিল ইন্টার মিলানেই থাকা।

মার্তিনেজ বলেন, 'আমার চিন্তাভাবনা শুরু থেকেই পরিষ্কার ছিল। আমি আমার সতীর্থ এবং ইন্টারের অসাধারণ সমর্থকদের সঙ্গেই থাকতে চেয়েছি। ক্লাব কর্তৃপক্ষ যতদিন চাইবে, আমি এখানেই থাকব; এমনকি সারা জীবন এখানে থেকে যেতে বললেও আমার কোনো আপত্তি নেই।'

পেশাদার ফুটবলের নির্মম বাস্তবতার কথাও স্মরণ করিয়ে দেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তিনি বলেন, 'পেশাদার ফুটবলের বাস্তবতা হলো, যখন তুমি কারো কাজে আসবে না, তখন তোমাকে ছুড়ে ফেলা হবে। আমার কাছে ইন্টার হলো গর্ব, আনন্দ এবং এগিয়ে যাওয়ার প্রেরণা। তাই আমি এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

২০১৮ সালে ইন্টার মিলানে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৭৮ ম্যাচে ১৭৫ গোল করেছেন ২৯ বছর বয়সি এই তারকা। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল করার পাশাপাশি অধিনায়ক হিসেবে দলকে ‘স্কুদেত্তো’ জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। ইন্টারের হয়ে দারুণ সব অর্জনের লক্ষ্য নিয়েই তিনি ক্লাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।