মার্তিনেজকে দলে পেতে জুভেন্টাসের নতুন প্রস্তাব

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে দলে ভেড়াতে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস নতুন করে প্রস্তাব দিয়েছে। ক্লাবটি বর্তমানে অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিটি চূড়ান্ত করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্প্যানিশ দৈনিক এএসের প্রতিবেদন অনুযায়ী, জুভেন্টাসের এই নতুন প্রস্তাবে ৭০ লাখ ইউরো নিশ্চিত ফি এবং অতিরিক্ত ৩০ লাখ ইউরো বোনাস দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। যদিও অ্যাস্টন ভিলা তাদের এই গোলরক্ষকের জন্য ১ কোটি ইউরো দাবি করে আসছে।

গত কয়েক সপ্তাহের আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও চুক্তির পথে এখনো বেশ কিছু বাধা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো মার্তিনেজের শারীরিক অবস্থা। বিশ্বকাপ থেকেই তিনি ডান হাতের রিং ফিঙ্গারের চোটে ভুগছেন এবং ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

বয়স ও আর্থিক সীমাবদ্ধতাও জুভেন্টাসের ভাবনার কারণ। ৩৩ বছর বয়সী একজন গোলরক্ষকের পেছনে বড় অঙ্কের অর্থ খরচ করতে ক্লাবটির ব্যবস্থাপনা পর্ষদ কিছুটা দ্বিধায় রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্সের অভাব এবং প্রশাসনিক জটিলতার কারণে ক্লাবটি দলবদলের বাজারে অত্যন্ত সতর্ক অবস্থানে আছে। এই কারণেই তারা সরাসরি ১ কোটি ইউরো না দিয়ে ৭০ লাখ ইউরো নিশ্চিত ফি ও ৩০ লাখ ইউরো বোনাসের প্রস্তাব দিয়েছে।

এদিকে জুভেন্টাসের সঙ্গে আলোচনার পাশাপাশি অ্যাস্টন ভিলাও মার্তিনেজের সম্ভাব্য বিদায়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। কোচ উনাই এমেরি ইতোমধ্যে গোলপোস্টের জন্য বিকল্প খুঁজছেন। আগামী মৌসুমে গোলরক্ষক হিসেবে জাপানের জিওন সুজুকিকে তারা প্রধান পছন্দ হিসেবে বিবেচনা করছেন। পিএসজির সঙ্গে এই জাপানি গোলরক্ষকের আলোচনার পথ আটকে যাওয়ায় তাকে দলে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে সুজুকিই হতে পারেন এমেরির প্রথম পছন্দের গোলরক্ষক। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে আগামী কয়েক দিনের মধ্যেই মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।