জাপানের ক্রিকেট ইতিহাসের এক অনন্য মুহূর্তের অপেক্ষায় দেশটির ক্রিকেটপ্রেমীরা। প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে জাপান। প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে এশিয়ার পরাশক্তি তথা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতকে। ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুজুকি কাপের এই ম্যাচটি মঙ্গলবার সানো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি নিয়ে জাপানি দর্শকদের মধ্যে অভাবনীয় উন্মাদনা তৈরি হয়েছে।
জাপানে বেসবলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি হলেও, ভারতের বিপক্ষে এই টি-টোয়েন্টি ম্যাচটি ঘিরে ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহের জোয়ার দেখা গেছে। দর্শকদের অভূতপূর্ব চাহিদার কথা মাথায় রেখে স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়িয়ে ৩ হাজার করা হয়েছে। তবুও টিকিটের চাহিদা এতই বেশি ছিল যে, মাত্র এক ঘণ্টার মধ্যেই সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।
র্যাঙ্কিংয়ের বিচারে ভারত এক নম্বরে এবং জাপান ৪১তম স্থানে থাকলেও, জাপান ভারতকে নিয়ে কোনোভাবেই বিচলিত নয়। বরং তারা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে মরিয়া। আইসিসি ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে জাপানের অলরাউন্ডার বেঞ্জামিন ইতো-ডেভিস বলেন, এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বিশ্ব মঞ্চে জাপানকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত এবং ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জাপানি চেতনা ও কায়দায় লড়াই করে নিজেদের প্রমাণ করতে চান।
সামনে এশিয়ান গেমস থাকায় দুই দলের জন্যই সুজুকি কাপের এই ম্যাচটি শেষ মুহূর্তের প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করবে। আয়োজক জাপান এশিয়ান গেমসের নিয়ম মেনেই তাদের স্কোয়াড সাজিয়েছে। আইসিসির টুর্নামেন্টের বাছাইপর্ব বাদে র্যাঙ্কিংয়ের এত বড় ব্যবধানের দুই দলের মুখোমুখি হওয়ার ঘটনা এটিই প্রথম।

