দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান

মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান এক অনাকাঙ্ক্ষিত পারিবারিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। উত্তর উপকূলের একটি পর্যটন এলাকার হোটেলের ক্যাফেতে তার দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে ওঠে যে, ক্যাফেতে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় দুই পক্ষই শারীরিক আঘাত ও কালশিটে দাগ নিয়ে আহত হন। হোসাম হাসান পরিস্থিতি নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করলেও ব্যর্থ হন এবং তীব্র উত্তেজনার এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও মিশরের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে হোসাম হাসান তার প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাউইকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হোসামের দ্বিতীয় স্ত্রীর আইনজীবী মোহাম্মদ শামস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে হোয়াইদা আল-গারবাউইয়ের সঙ্গে হোসামের দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি ঘটল। তাদের সংসারে আয়া, রুয়া ও ওমর নামে তিন সন্তান রয়েছে। হোসাম ও হোয়াইদার সম্পর্কের ইতিহাস বেশ দীর্ঘ; ২০২২ সালে তাদের মধ্যে একবার ১০ দিনের বিচ্ছেদ হয়েছিল, যা পরে মিটে গিয়েছিল। তবে এবারের এই সংঘর্ষের পর সম্পর্কটি স্থায়ীভাবে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে হোসাম হাসান দিনা মোস্তাফাকে বিয়ে করেন, যিনি ‘ড্যান অ্যাডাম’ নামেও পরিচিত। উত্তর উপকূলের মারিনায় তাদের পরিচয়ের পর সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।