২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর দীর্ঘ নীরবতা ভেঙেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় চেলসির এই তারকা ফুটবলার নিজের অনুভূতি প্রকাশ করেছেন। ফুটবলের আসল সৌন্দর্য শুধু ট্রফি জয়ে নয়, বরং দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার মধ্যেই নিহিত বলে তিনি মন্তব্য করেন।
ফাইনালে দুই হলুদ কার্ড পাওয়ার কারণে মাঠ ছাড়তে হয়েছিল এনজোকে। ঘটনার কয়েকদিন পর ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, সময়ের সাথে সাথে তিনি বুঝতে পারছেন যে একটি ম্যাচের ফলাফলের চেয়েও বড় কিছু বিষয় রয়েছে।
আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে এনজো বলেন, এই দল আমাদের বহু বছর ধরে ভালোভাবে প্রতিনিধিত্ব করেছে। প্রতিযোগিতা মানেই শুধু জয় নয়, বরং নিজের দলের জার্সির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত সর্বস্ব উজাড় করে দেওয়া এবং হাল না ছাড়ার শিক্ষা এই দল থেকে পাওয়া যায়। যারা গর্ব ও বিনয়ের সাথে দেশের প্রতিনিধিত্ব করেছে, তাদের একজন হতে পারাটা তার জন্য অনেক বড় গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি।
২৫ বছর বয়সি এই মিডফিল্ডার আর্জেন্টাইন সমর্থকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রতিটি ম্যাচে পাশে থাকা, নিঃস্বার্থ সমর্থন এবং বিশ্বের যেকোনো প্রান্তে তাদের ঘরের মতো অনুভব করানোর জন্য তিনি সমর্থকদের ধন্যবাদ জানান।
নিজের ভবিষ্যৎ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এনজো লেখেন, দেশের জার্সি পরা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। যখনই এই জার্সি রক্ষা করার সুযোগ পাবেন, তিনি তার সর্বোচ্চটা দিয়ে লড়াই চালিয়ে যাবেন। যদিও বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখার হতাশা তার মনে ছিল, তবুও আর্জেন্টিনার হয়ে খেলার দায়বদ্ধতা ও গর্ব তার কাছে আগের মতোই অটুট রয়েছে।

