বার্সেলোনার নতুন লক্ষ্য লাউতারো মার্তিনেজ, আলভারেজ নয়

হুলিয়ান আলভারেজকে দলে পাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসায় বার্সেলোনা তাদের আক্রমণভাগ শক্তিশালী করতে নতুন কৌশলে এগোচ্ছে। কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিকের দলের নতুন পছন্দের শীর্ষে এখন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। যদিও শুরু থেকেই বার্সেলোনার পরিকল্পনায় আলভারেজ ছিলেন এবং খেলোয়াড় নিজেও সেখানে যোগ দিতে আগ্রহী ছিলেন, কিন্তু আতলেতিকো মাদ্রিদ তাকে ছাড়তে নারাজ। ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর মাত্র ১০ দিন বাকি থাকায় আলভারেজকে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছে বার্সা।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গাতোর তথ্যমতে, বার্সেলোনা ইতিমধ্যে লাউতারোর সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছে। খেলোয়াড়ের প্রতিনিধির সঙ্গে বার্সার ক্রীড়া পরিচালক দেকোর উপস্থিতিতে বৈঠকের পর চুক্তির শর্তগুলোও প্রায় চূড়ান্ত করা হয়েছে। এখন লাউতারোকে পেতে তার ক্লাব ইন্টার মিলানের কাছে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। তবে ধারণা করা হচ্ছে, সেই প্রস্তাবের অঙ্ক ১০ কোটি ইউরোতে পৌঁছাবে না।

বার্সেলোনার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটির অবস্থান বেশ পরিষ্কার; তারা তাদের অধিনায়ককে বিক্রি করতে রাজি নয়। ইন্টার লাউতারোকে 'বিক্রয় অযোগ্য' খেলোয়াড় হিসেবেই বিবেচনা করছে। এছাড়া সময়ও বার্সার বিপক্ষে কাজ করছে, কারণ এই সময়ে লাউতারোকে বিক্রি করলে নতুন স্ট্রাইকার খুঁজে নেওয়ার পর্যাপ্ত সময় ইন্টারের হাতে থাকবে না। ফলে এই দলবদল বাস্তবে ঘটার সম্ভাবনা এখনো বেশ কম।

এত বাধা থাকা সত্ত্বেও বার্সেলোনা তাদের আগ্রহ ধরে রেখেছে। ইন্টারের হয়ে ৩৭৬ ম্যাচে ১৭৫ গোল ও ৫৬টি অ্যাসিস্ট করা লাউতারোর গোল করার ধারাবাহিকতা ও নেতৃত্বগুণ তাকে বার্সার কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। আলভারেজের সম্ভাবনা কমে যাওয়ায় লাউতারো এখন তাদের আক্রমণভাগের অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত হয়েছেন। এর পাশাপাশি আরও কয়েকজন ফরোয়ার্ডকে নজরে রাখছে কাতালান ক্লাবটি। তবে ব্যক্তিগত শর্তে সমঝোতা হলেও ইন্টার মিলানকে রাজি করানোই এখন কাতালান ক্লাবটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।