আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ম্যাচে ৪৫ রানের একটি ইনিংস খেলার মাধ্যমে তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। এই অনন্য অর্জনে পৌঁছাতে বাবর আজমকে খেলতে হয়েছে ৩৯৯টি ইনিংস।
তবে বাবর আজমের এই মাইলফলক স্পর্শ করার পরেও ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির বিশ্বরেকর্ডটি অক্ষুণ্ণ রয়েছে। কোহলি মাত্র ৩৫০ ইনিংস খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। এনডিটিভির তথ্য অনুযায়ী, কোহলির চেয়ে ৪৯ ইনিংস বেশি খেলে বাবর আজম এই তালিকায় নিজের নাম যুক্ত করলেন।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে বাবর আজম পঞ্চম ব্যাটার হিসেবে এই গৌরব অর্জন করলেন। তার আগে পাকিস্তানের জার্সিতে ইনজামাম-উল-হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ এবং জাভেদ মিয়াঁদাদ এই মাইলফলক স্পর্শ করেছিলেন। এছাড়া পাকিস্তানের হয়ে বাবর আজমের চেয়ে কম ইনিংসে এই রান করার রেকর্ড রয়েছে মোহাম্মদ ইউসুফ (৩৮৮ ইনিংস) ও জাভেদ মিয়াঁদাদের (৩৯৮ ইনিংস)।

