ইউরোপের অন্যতম পরাশক্তি ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আবারও ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়ে মাঠের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য বজায় রেখেছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি। এই জয়ের মাধ্যমে সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার গৌরব অর্জন করল আলবিসেলেস্তারা।
১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ৪০ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর আগে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে ইংল্যান্ড শেষ চারে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে, সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৮৫ মিনিটে লিওনেল মেসির প্রথম অ্যাসিস্ট থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফেরান চেলসি তারকা এনজো ফের্নান্দেস। ম্যাচটি যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই ইনজুরি টাইমের প্রথম মিনিটে লিওনেল মেসির জাদুকরী পাস থেকে বল পেয়ে ইংল্যান্ডের জাল কাঁপিয়ে দেন বদলি খেলোয়াড় লাউতারো মার্তিনেস। তার এই গোলই আর্জেন্টিনাকে ফাইনালের টিকিট এনে দেয়।
এর আগে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ও সর্বশেষ ২০২২ সালে বিশ্বকাপের ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ১৯৭৮ সালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে, ১৯৮৬ সালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে এবং সর্বশেষ ২০২২ সালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে মোট তিনবার বিশ্ব শিরোপা জিতেছে লাতিন আমেরিকার এই দেশটি।
২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ৮টি ম্যাচ খেলেছে স্কালোনির শিষ্যরা এবং প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে তারা। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ৮ম বারের মতো মাঠে নামবে মেসি-মার্তিনেজরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান জায়েন্ট স্পেন। এখন দেখার বিষয়, বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে শেষ পর্যন্ত কারা ট্রফি উঁচিয়ে ধরে—স্পেন নাকি আর্জেন্টিনা।

