কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পরই নিজের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল দি মারিয়া। হারের হতাশার মধ্যেই অবসরের সম্ভাবনার কথা জানিয়েছেন ৩৭ বছর বয়সি এই অভিজ্ঞ উইঙ্গার। বৃহস্পতিবার কোপা লিবার্তাদোরেসের রাউন্ড অব ১৬-এর দ্বিতীয় লেগে করিন্থিয়ানসের কাছে ১-০ গোলে পরাজিত হয় রোজারিও সেন্ট্রাল। এই হারের পর দি মারিয়া স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন। মুহূর্তটি তার জন্য ছিল আরও আবেগঘন, কারণ ১২ বছর আগে ঠিক এই স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করেছিলেন তিনি, যা তাকে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনালের পথে এগিয়ে দিয়েছিল।
ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানান দি মারিয়া। তিনি বলেন, এটি একটি কঠিন মুহূর্ত। আমার স্বপ্ন ছিল অন্যরকম। ইচ্ছা ছিল খেলা চালিয়ে যাওয়ার। তবে এটাই ফুটবল। এখন আমাকে চিন্তা করে দেখতে হবে আমি সামনে কী করতে চাই। ফক্স স্পোর্টসের কাছেও নিজের হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমাদের গোল করার সুযোগ ছিল, কিন্তু ম্যাচটি আমাদের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। আমরা বেশ লড়াই করেছি, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।
দীর্ঘ ১৮ বছর ইউরোপের ফুটবলে দাপট দেখানোর পর ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে আসেন দি মারিয়া। গত জুনে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ান তিনি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে তার থাকার কথা রয়েছে, যখন তার বয়স হবে ৩৯ বছর। তবে সাম্প্রতিক মন্তব্যে তিনি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরের ইঙ্গিত দিয়েছেন। রোজারিও সেন্ট্রালে ফেরার পর এখন পর্যন্ত ৪৩টি ম্যাচ খেলেছেন দি মারিয়া, যেখানে তিনি ১৪টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৭টি গোল।

