শারজাহ টেস্টে মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বেশ চাপে পড়েছে আফগানিস্তান। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ৩৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে আফগানরা ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পেরেছে। এর ফলে প্রথম ইনিংসের নিরিখে তারা এখনো ১৮০ রানে পিছিয়ে আছে।

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি আফগানিস্তানের ব্যাটিং লাইনআপে দারুণ তোপ দাগেন। তিনি মাত্র ১৩ ওভার বল করে ৩১ রানের বিনিময়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এছাড়া ভিনসেন্ট মাসেকেসা ২টি এবং ব্র্যাড ইভান্স ১টি উইকেট শিকার করেছেন। দিন শেষে আফগানিস্তানের পক্ষে আফসার জাজাই ৩৩ রানে অপরাজিত রয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেছেন রহমানুল্লাহ। এছাড়া অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ও রহমত শাহ দুজনেই ৩০ রান করে আউট হন।

এর আগে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩৩৯ রানে অলআউট হয়। আফগানিস্তানের অভিষিক্ত বোলার নাসির খান মারুফখিল ৪৪ ওভারে ১৫১ রান দিয়ে একাই ৭ উইকেট শিকার করে দুর্দান্ত নৈপুণ্য দেখান। অভিষেক টেস্টেই পাঁচ বা ততোধিক উইকেট নেওয়া চতুর্থ আফগান বোলার হিসেবে তিনি রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। এছাড়া জিয়া-উর-রহমান ২টি এবং ইয়ামিন আহমদজাই ১টি উইকেট নেন।

জিম্বাবুয়ের ইনিংসের মূল ভিত্তি ছিল অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলরের ১১৯ রানের ঝলমলে ইনিংস। ২১৭ বলের সেই ইনিংসে তিনি ১৪টি চার ও ১টি ছক্কা হাঁকান। শতকের খুব কাছে গিয়েও ইনোসেন্ট কাইয়া ৯৬ রান করে আউট হন। এছাড়া বেন কারান ৪৪ এবং ব্র্যাড ইভান্স অপরাজিত ৩২ রান করে দলের সংগ্রহ তিনশ পার করতে ভূমিকা রাখেন।