ঈদ-ই-মিলাদুন্নবী: সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের লক্ষ্যে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আগামী ২৬ আগস্ট ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি দিবসটি উপলক্ষ্যে সারাদেশে বিভিন্ন ধর্মীয় আয়োজন ও ইবাদত-বন্দেগি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে র‍্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পৃথক পরিকল্পনা গ্রহণ করেছে এবং অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সদস্য মোতায়েন নিশ্চিত করেছে। নিরাপত্তার অংশ হিসেবে স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি এবং নাগরিক নিরাপত্তা কমিটির সদস্যদেরও সম্পৃক্ত করা হয়েছে।

র‍্যাব বিশেষ গুরুত্ব দিয়ে সাইবার পেট্রোলিং জোরদার করেছে, যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য, গুজব, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মন্তব্য বা উসকানিমূলক পোস্ট ছড়াতে না পারে। পাশাপাশি কোনো স্বার্থান্বেষী মহলের নাশকতা বা অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। জরুরি প্রয়োজনে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশে দিবসটি উদযাপনের আহ্বান জানিয়ে র‍্যাবের পক্ষ থেকে দেশবাসীকে অনুরোধ করা হয়েছে, কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম নজরে এলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য। সবার সহযোগিতায় ঈদ-ই-মিলাদুন্নবীর আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে র‍্যাব ফোর্সেস।