সুনামগঞ্জের মধ্যনগরে বিষধর সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে পোশাকের মা (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মাছুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পোশাকের মা ওই গ্রামের বাসিন্দা মো. সোনা মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পোশাকের মা বাড়ির বারান্দায় বসে ছিলেন। বিদ্যুৎ চলে গেলে তিনি ঘরে ঢোকার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে তিনি যন্ত্রণায় চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত তার কাছে ছুটে আসেন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তার পায়ে বাঁধন দিয়ে দ্রুত পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাঈম জোবায়ের সাপের কামড়ে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।