ইসলামে সবচেয়ে উচ্চমর্যাদাপূর্ণ ও পরম উপকারী জ্ঞান হলো মহান আল্লাহর সুন্দর নামসমূহ বা আসমাউল হুসনা এবং তাঁর মহান গুণাবলি সম্পর্কে জ্ঞান অর্জন করা। নবুয়ত ও ওহির নির্দেশনা থেকে প্রাপ্ত এই জ্ঞান মানুষের অন্তরে প্রশান্তি ছড়িয়ে দেয় এবং হৃদয়কে আলোকিত করে। যে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর সুন্দর নাম ও গুণগুলোকে হৃদয়ে ধারণ করে, আন্তরিকতার সাথে তা মেনে নেয় এবং ইবাদতের মাধ্যমে এ সংক্রান্ত বোধকে গভীর করে, তার ঈমান উত্তরোত্তর বৃদ্ধি পায়। পাশাপাশি স্রষ্টার প্রতি তাঁর অন্তরের বিনয়, শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটি আরও সুদৃঢ় হয়। বস্তুত একজন বান্দার সবচেয়ে মৌলিক প্রয়োজন হলো নিজের সৃষ্টিকর্তাকে চেনা, তাঁকে স্মরণ করা এবং তাঁর সন্তুষ্টি অর্জনের পথ অন্বেষণ করা। আর কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত আল্লাহর নাম ও গুণের জ্ঞান অর্জনের মাধ্যমে এটি পুরোপুরি সম্ভব।
বান্দা যত বেশি আল্লাহর সুন্দর নাম ও গুণাবলি অনুধাবন করতে পারে, ততই সে আল্লাহর নিকটবর্তী হতে থাকে। এসব নাম হৃদয়ে মহান রবের মহিমা, ভয়-ভীতি, আনুগত্য ও চরম বিনয়ের আবহ তৈরি করে। এই উপলব্ধির ফলে মানুষ বুঝতে পারে যে আল্লাহ ব্যতীত আশ্রয় দেওয়ার মতো দ্বিতীয় কেউ নেই। ফলে বিপদে কিংবা প্রয়োজনে সে কেবল আল্লাহর দরবারেই হাত তোলে এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করে। তা ছাড়া রবের নামগুলোর গভীর অর্থ হৃদয়ে অনুতপ্ত খোদাভীতি বা তাকওয়া সৃষ্টি করে, যা মানুষকে প্রতিনিয়ত আল্লাহর নজরদারির কথা মনে করিয়ে দেয়। ফলে বান্দা সৎকাজে তৎপর হয় এবং অন্যায় ও নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এর নির্দেশনা দিয়ে সুরা আরাফের ১৮০ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, 'আল্লাহর জন্য আছে সুন্দর সুন্দর নাম। কাজেই তোমরা তাঁকে সেসব নামেই ডাকবে; যারা তাঁর নাম বিকৃত করে তাদের বর্জন করবে; তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে।' একই সঙ্গে সুরা তহার ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, 'আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো উপাসক নেই, সুন্দর সুন্দর নাম তাঁরই।'
হাদিস শরিফেও আসমাউল হুসনার বিরাট মর্যাদার কথা বর্ণিত হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, 'আল্লাহর নিরানব্বই বা এক কম একশটি নাম রয়েছে, যে ব্যক্তি সেগুলো মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে।' (সহিহ বোখারি, হাদিস : ২৭৩৬)। ইসলামের আলেমরা উল্লেখ করেন যে, এই নামগুলো 'মনে রাখা' বলতে কেবল মুখস্থ করাকে বোঝায় না; বরং নামগুলোর অর্থ ও শিক্ষা নিজের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা এবং কোরআন ও হাদিসের বর্ণনানুসারে সেগুলোর প্রতি অকৃত্রিম বিশ্বাস স্থাপন করা। এক্ষেত্রে আল্লাহর নামে কোনো ধরনের বিকৃতি ঘটানো, তা অস্বীকার করা, সৃষ্টির সঙ্গে তুলনা করা কিংবা মানবীয় আকৃতি কল্পনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ আল্লাহর সত্তা ও গুণাবলির প্রকৃত রূপ কেবল তিনিই ভালো জানেন।
পবিত্র কোরআনে সুরা শুরার ১১ নম্বর আয়াতে এর স্পষ্ট ধারণা দিয়ে বলা হয়েছে, 'তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা… কোনো কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।' আবার সুরা মরিয়মের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, 'তিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও তাদের অন্তর্বর্তী যা কিছু, তার প্রতিপালক। সুতরাং তাঁরই ইবাদত কর ও তাঁর ইবাদতে ধৈর্যশীল থাক। তুমি কি তাঁর সমগুণ সম্পন্ন কাউকেও জান?' সুরা ইখলাসের ৪ নম্বর আয়াতেও ঘোষণা করা হয়েছে, 'তাঁর সমতুল্য কেউই নেই।'
মহান আল্লাহ সর্বপ্রকার পূর্ণ গুণাবলি ও সুন্দর নামের অধিকারী। কোরআনে আল্লাহ নিজের ব্যাপারে যেসব ত্রুটি বা সীমাবদ্ধতা অস্বীকার করেছেন, বান্দার কর্তব্য হলো সেগুলো থেকে আল্লাহকে পবিত্র মনে করা। উদাহরণস্বরূপ, আল্লাহ সম্পূর্ণ পরম বিচারক বলেই তিনি কারো ওপর জুলুম করেন না এবং তিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞ বলেই তিনি কখনো অক্ষম হন না। তাই এসব নামের অর্থ বুঝে এবং তা জীবনে প্রয়োগ করে ইবাদত ও প্রার্থনা করা অত্যন্ত আবশ্যক। প্রার্থনা করার ক্ষেত্রে চাওয়া-পাওয়ার বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আল্লাহর নির্দিষ্ট নামে ডাকতে হয়। যেমন ক্ষমা চাওয়ার সময় 'হে ক্ষমাশীল, আমাকে ক্ষমা করুন', দয়া চাওয়ার সময় 'হে দয়াময়, আমাকে দয়া করুন', কিংবা জীবিকার জন্য 'হে রিজিকদাতা, আমাকে রিজিক দান করুন' বলে দোয়া করা উত্তম।
যদি বান্দা আল্লাহর শক্তি, পরাক্রমশীলতা ও প্রজ্ঞার কথা সঠিকভাবে অনুধাবন করে, তবে সে কেবল আল্লাহর ওপরই তাওয়াক্কুল বা নির্ভরতা স্থাপন করে। আল্লাহর ক্ষমা ও দয়া সম্পর্কে জানলে বান্দা দ্রুত তওবার দিকে ধাবিত হয়; আর আল্লাহকে সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা ও অন্তরের খবর রাখা সত্তা হিসেবে উপলব্ধি করলে সে পাপ থেকে সতর্ক থাকে। নবী-রাসুলদের অধিকাংশ দোয়াই শুরু হতো 'হে আমাদের প্রতিপালক' (রব) বলে, কারণ রিজিক দেওয়া, সাহায্য করা ও প্রার্থনা কবুল করা আল্লাহর 'রুবুবিইয়া' বা পালনকর্তা সুলভ গুণের বহিঃপ্রকাশ।
সুরা বনি ইসরায়েলের ১১০ নম্বর আয়াতে বলা হয়েছে, 'বলো, তোমরা 'আল্লাহ' নামে আহ্বান কর বা 'রাহমান' নামে আহ্বান কর, তোমরা যে নামেই আহ্বান কর সকল সুন্দর নামই তো তাঁর। তোমরা সালাতে স্বর উচ্চ কর না এবং অতিশয় ক্ষীণও কর না; এই দুইয়ের মধ্যপথ অবলম্বন কর।' ইসলামের শিক্ষানুযায়ী, বান্দার উচিত মহান আল্লাহর কাছে উপকারী জ্ঞান, হেদায়েত এবং সৎকাজের তাওফিক প্রার্থনা করা।
১. আল্লাহ—উপাসনার একমাত্র যোগ্য, ২. আর-রহমান—অসীম দয়ালু, ৩. আর-রহিম—পরম করুণাময়, ৪. আল-মালিক—জগতের একচ্ছত্র মালিক, ৫. আল-কুদ্দুস—পরম পবিত্র, ৬. আস-সালাম—শান্তি ও নিরাপত্তার উৎস, ৭. আল-মুমিন—নিরাপত্তা দানকারী, ৮. আল-মুহাইমিন—অভিভাবক ও রক্ষক, ৯. আল-আজিজ—পরাক্রমশালী, ১০. আল-জাব্বার—ইচ্ছামতো সবকিছু নিয়ন্ত্রণকারী, ১১. আল-মুতাকাব্বির—মহিমাময়, ১২. আল-খালিক—স্রষ্টা, ১৩. আল-বারি—নিখুঁতভাবে সৃষ্টিকারী, ১৪. আল-মুসাওয়ির—আকৃতি দানকারী, ১৫. আল-গফ্ফার—অপরাধ ক্ষমাকারী, ১৬. আল-কাহহার—প্রভাবশালী, ১৭. আল-ওয়াহ্হাব—সীমাহীন দানশীল, ১৮. আর-রাজজাক—রিজিকদাতা, ১৯. আল-ফাত্তাহ—উন্মোচনকারী, ২০. আল-আলিম—সর্বজ্ঞ, ২১. আল-কাবিদ—সংযমকারী, ২২. আল-বাসিত—প্রাচুর্যদানকারী, ২৩. আল-খাফিদ—মর্যাদা হ্রাসকারী, ২৪. আর-রাফি—মর্যাদা উন্নীতকারী, ২৫. আল-মুইজ্জ—সম্মান দানকারী, ২৬. আল-মুজিল্ল—অপমান দানকারী, ২৭. আস-সামি—সর্বশ্রোতা, ২৮. আল-বাসির—সর্বদ্রষ্টা, ২৯. আল-হাকাম—বিচারক, ৩০. আল-আদল—ন্যায়পরায়ণ, ৩১. আল-লতিফ—সূক্ষ্মদর্শী ও সদয়, ৩২. আল-খবির—সব বিষয়ে অবহিত, ৩৩. আল-হালিম—সহনশীল, ৩৪. আল-আজিম—মহান, ৩৫. আল-গফুর—ক্ষমাশীল, ৩৬. আশ-শাকুর—কৃতজ্ঞতা গ্রহণকারী, ৩৭. আল-আলি—সর্বোচ্চ, ৩৮. আল-কবির—মহত্তম, ৩৯. আল-হাফিজ—সংরক্ষণকারী, ৪০. আল-মুকিত—জীবিকার যোগানদাতা, ৪১. আল-হাসিব—হিসাব গ্রহণকারী, ৪২. আল-জলিল—গৌরবময়, ৪৩. আল-করিম—উদারদাতা, ৪৪. আর-রকিব—তত্ত্বাবধায়ক, ৪৫. আল-মুজিব—সাড়া দানকারী, ৪৬. আল-ওয়াসি—সীমাহীন, ৪৭. আল-হাকিম—প্রজ্ঞাময়, ৪৮. আল-ওয়াদুদ—প্রেমময়, ৪৯. আল-মাজিদ—মহিমান্বিত, ৫০. আল-বাস—পুনরুত্থানকারী, ৫১. আশ-শাহিদ—সাক্ষী, ৫২. আল-হাক্ক—পরম সত্য, ৫৩. আল-ওকিল—ভরসাযোগ্য, ৫৪. আল-কাওই—শক্তিশালী, ৫৫. আল-মাতিন—দৃঢ়শক্তিধর, ৫৬. আল-ওয়ালি—সাহায্যকারী অভিভাবক, ৫৭. আল-হামিদ—প্রশংসার অধিকারী, ৫৮. আল-মুহসি—গণনাকারী, ৫৯. আল-মুবদি—সৃষ্টির সূচনা দানকারী, ৬০. আল-মুইদ—পুনরায় সৃষ্টি দানকারী, ৬১. আল-মুহই—জীবনদাতা, ৬২. আল-মুমিত—মৃত্যুদাতা, ৬৩. আল-হাইয়ু—চিরঞ্জীব, ৬৪. আল-কাইয়ুম—ধারক ও পালনকর্তা, ৬৫. আল-ওয়াজিদ—সন্ধানকারী, ৬৬. আল-মাজিদ—মহিমান্বিত, ৬৭. আল-ওয়াহিদ—একক, ৬৮. আস-সামাদ—অমুখাপেক্ষী, ৬৯. আল-কাদির—সর্বশক্তিমান, ৭০. আল-মুকতাদির—নিয়ন্ত্রণকারী, ৭১. আল-মুকাদ্দিম—অগ্রগামীকারী, ৭২. আল-মুআখখির—পশ্চাদপসারক, ৭৩. আল-আউয়াল—সবার আগে, ৭৪. আল-আখির—সবার পরে, ৭৫. আজ-জাহির—প্রকাশ্য, ৭৬. আল-বাতিন—অদৃশ্য, ৭৭. আল-ওয়ালি—অভিভাবক, ৭৮. আল-মুতাআলি—মর্যাদাবান, ৭৯. আল-বারর—কল্যাণকারী, ৮০. আত-তাওয়াব—তওবা গ্রহণকারী, ৮১. আল-মুনতাকিম—প্রতিশোধ গ্রহণকারী, ৮২. আল-আফু—ক্ষমাশীল, ৮৩. আর-রউফ—দয়ালু, ৮৪. মালিকুল মুলক—সবকিছুর মালিক, ৮৫. জুল জালালি ওয়াল ইকরাম—মহিমা ও সম্মানের অধিকারী, ৮৬. আল-মুকসিত—ন্যায়বিচারকারী, ৮৭. আল-জামি—একত্রকারী, ৮৮. আল-গানি—অমুখাপেক্ষী, ৮৯. আল-মুগনি—সম্পদদাতা, ৯০. আল-মানি—বাধাদানকারী, ৯১. আদ-দার—ক্ষতিসাধনকারী, ৯২. আন-নাফি—উপকার দানকারী, ৯৩. আন-নুর—আলো, ৯৪. আল-হাদি—পথপ্রদর্শক, ৯৫. আল-বাদি—অভিনব স্রষ্টা, ৯৬. আল-বাকি—চিরস্থায়ী, ৯৭. আল-ওয়ারিস—উত্তরাধিকারী, ৯৮. আর-রশিদ—দিশাদাতা, ৯৯. আস-সবুর—ধৈর্যশীল।

