যুব জমিয়তের নতুন কেন্দ্রীয় কমিটিতে ইসহাক কামাল ও নাসির

যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মাওলানা ইসহাক কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা চৌধুরী নাসির আহমদ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলে ৬১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

নতুন এই কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে মাওলানা সোলাইমান মাদানী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা আতাউর রহমানকে নির্বাচিত করা হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহীমুল হক। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা সুলাইমান মাদানী ও মাওলানা চৌধুরী নাসির আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ইলমে ওহী সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, যুব জমিয়ত কেবল আলেমদের সংগঠন নয়; বরং আলেমদের নেতৃত্বে ব্যবসায়ী, তরুণ ও সাধারণ দ্বীনদার মানুষকে সম্পৃক্ত করে জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বৈষম্য, জুলুম ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে দেশে নতুন করে স্বৈরতন্ত্র ফিরে আসার আশঙ্কা নাকচ করেন। এছাড়া তিনি কৃষকের সার সংকট এবং বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেন। ২০২৪ সালের অবদান মুছে ফেলার অপচেষ্টা প্রতিহত করে ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরুদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা মোস্তফা মাহমুদী, ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মুফতি এখলাসুর রহমান রিয়াদ এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।