বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ২টা ২৫ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
উমামা ফাতেমা দাবি করেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্বতঃস্ফূর্ততাকে একটি নির্দিষ্ট গোষ্ঠী বন্দি করে ফেলেছে। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ‘হিরো’ হিসেবে উপস্থাপন করে তরুণ প্রজন্মের রাজনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্ট স্বার্থান্বেষী মহলের হাতে জিম্মি করার চেষ্টা চলছে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের সঙ্গে যাদের কোনো সম্পর্ক ছিল না, তারাও এখন নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। এ প্রসঙ্গে তিনি সালাউদ্দীন আম্মারের নাম উল্লেখ করেন।
তিনি সতর্ক করে বলেন, ফেসবুক ম্যানিপুলেশন ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পর্দার আড়ালের বিভিন্ন গোষ্ঠী জুলাই আন্দোলনের নামে সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম জনমত তৈরি করছে। মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার ক্ষেত্রে ফেসবুকের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণদের মধ্যে কৃত্রিমভাবে তৈরি করা অনেক হিরো রয়েছে, যারা তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎকে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে বন্দি করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি এখন একদল মোনাফেকের হাতে পড়েছে। জামায়াত তাদের গণহত্যার ইতিহাস আড়াল করতে দেশকে যেকোনো পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন।

