সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া লুটপাট, ভাঙচুর ও জবরদখলের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আন্তর্জাতিক এই দুর্নীতিবিরোধী সংস্থাটি রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে পুলিশের উপস্থিতিতে সহিংস ঘটনা এবং কিশোরগঞ্জের জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির অন্তর্দ্বন্দ্বের মতো বিষয়গুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে নারাজ। টিআইবির মতে, এগুলো সরকার ও ক্ষমতাসীন দলের জন্য এক বড় ধরনের অশনিসংকেত।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ বিষয়ে বলেন, একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করার মাধ্যমে ক্ষমতাসীন দল কী ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে তা প্রশ্নসাপেক্ষ। আগস্ট ২০২৪ থেকে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ব্যাপক অভিযোগ উঠেছে। গণমাধ্যম ও রাজনৈতিক মহলে এসব ঘটনা উদ্বেগের সঙ্গে আলোচিত হচ্ছে। বিশেষ করে সায়েদাবাদ, মহাখালী ও গাবতলীল বাস টার্মিনাল, ফুটপাথ, বাজার, জলমহাল ও ইন্টারনেট ব্যবসার মতো খাতগুলোতে দখলবাজির হাতবদলকে অনেকে মহোৎসবে পরিণত করেছেন।
ড. ইফতেখারুজ্জামান আরও উল্লেখ করেন, সরকারের একজন মন্ত্রী চাঁদাবাজিকে 'সমঝোতার লেনদেন' হিসেবে অভিহিত করলেও সরকারের পক্ষ থেকে এর প্রেক্ষিতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে চাঁদাবাজি ও দখলবাজি অধিকতর স্বাভাবিকতা লাভ করেছে। তিনি সতর্ক করে বলেন, যদি সরকার দুর্নীতিবিরোধী নির্বাচনী অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখনই আত্মশুদ্ধিমূলক পদক্ষেপ গ্রহণ না করে, তবে অদূর ভবিষ্যতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা তারা হারিয়ে ফেলবে।
বিবৃতিতে টিআইবি আরও জানায়, দলীয় নেতাকর্মীদের অপতৎপরতায় অনেক ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও কঠোরতর প্রতিরোধমূলক কৌশলের অভাব রয়েছে। ক্ষমতার অপব্যবহারের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। এর ফলে বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, যার দায়ভার সরকারকেই নিতে হবে। প্রতিটি ঘটনার যথাযথ তদন্তসাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছে টিআইবি।

