সরকারের ছয় মাস: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ মানুষ

বিএনপি সরকারের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের বিষয়ে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক এই জরিপের ফলাফল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনের মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। জরিপটিতে অংশ নেওয়া ব্যক্তিদের বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয় নির্বিশেষে প্রধানমন্ত্রীর কাজের মূল্যায়ন প্রায় অভিন্ন পাওয়া গেছে। এমনকি নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ দশমিক ৫০ শতাংশ, জামায়াতে ইসলামীর ৬৫ দশমিক ৫০ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬৫ দশমিক ৮০ শতাংশ সমর্থকও প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট বলে জানিয়েছেন।

সরকারের সামগ্রিক পারফরম্যান্স বা কর্মতৎপরতার বিষয়ে অবশ্য কিছুটা ভিন্ন চিত্র উঠে এসেছে। জরিপে ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ মনে করছেন সরকার ভালোভাবে দায়িত্ব পালন করছে, যেখানে ৩২ দশমিক ৯০ শতাংশ মানুষ সরকারের কাজের সমালোচনা করেছেন। দেশ সঠিক পথে যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ৪৮ দশমিক ৬০ শতাংশ মানুষ ইতিবাচক মত দিয়েছেন, অন্যদিকে ৩৫ দশমিক ৬০ শতাংশ মনে করছেন দেশ ভুল পথে যাচ্ছে। এই বিষয়ে ১৫ দশমিক ৮০ শতাংশ উত্তরদাতা কোনো মন্তব্য করেননি। রাজনৈতিক দলগুলোর সমর্থক বিবেচনায়, বিএনপির ৬৫ দশমিক ৫০ শতাংশ, এনসিপির ৫৫ দশমিক ২০ শতাংশ এবং জামায়াতের ৪৪ শতাংশ মানুষ মনে করেন দেশ সঠিক পথে রয়েছে। আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এই হার সর্বনিম্ন, মাত্র ৩৪ দশমিক ৪০ শতাংশ।

ডপলারের এই জরিপটি ২০২৫ সালের সেপ্টেম্বরে ইনোভিশন কনসাল্টিংয়ের ১০ হাজার ৪১৩ জনের ওপর করা জরিপের তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হয়েছে। সম্প্রতি ৩ হাজার ৪৪৩ জন উত্তরদাতার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে এই তথ্য সংগ্রহ করা হয়, যা দেশের ৬৪টি জেলার ৪৮৯টি ওয়ার্ড ও গ্রামের প্রতিনিধিত্ব করে। জরিপে বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন রাখা হয়েছিল। এতে শফিকুর রহমানের ক্ষেত্রে ৪৭ দশমিক ৭০ শতাংশ এবং নাহিদ ইসলামের ক্ষেত্রে ৩৯ দশমিক ৮০ শতাংশ মানুষ ইতিবাচক মত দিয়েছেন।

দেশের প্রধান সমস্যা হিসেবে উত্তরদাতারা বিদ্যুৎ ও জ্বালানি (৫৯ দশমিক ৫ শতাংশ) এবং নিত্যপণ্যের অতিরিক্ত দামের (৫৯ দশমিক ১০ শতাংশ) কথা উল্লেখ করেছেন। এই দুটি খাতেই সরকারের কাজের মূল্যায়ন সবচেয়ে খারাপ বলে জরিপে উঠে এসেছে। বিদ্যুৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে ৮৯ দশমিক ৪০ শতাংশ, জ্বালানি ও গ্যাসে ৭৯ দশমিক ৬০ শতাংশ এবং নিত্যপণ্যের মূল্যে ৬৯ দশমিক ১০ শতাংশ মানুষ অসন্তোষ জানিয়েছেন। এছাড়া ৪৬ দশমিক ৫০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তাদের পারিবারিক আর্থিক অবস্থা গত এক বছরের তুলনায় খারাপ হয়েছে। তবে আগামী ১২ মাস নিয়ে ৩৮ দশমিক ১০ শতাংশ মানুষ আশাবাদী।

নিরাপত্তার বিষয়ে জরিপের ফল বলছে, ৬৭ দশমিক ৫০ শতাংশ মানুষ এলাকায় অন্ধকারে একা হাঁটতে নিরাপদ বোধ করেন। এছাড়া ৯৫ দশমিক ২০ শতাংশ মানুষ ধর্ম পালনে নিজেদের নিরাপদ মনে করছেন। সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পকে ৭৮ দশমিক ৬০ শতাংশ এবং করনীতিকে ৭০ দশমিক ৭০ শতাংশ মানুষ সমর্থন দিয়েছেন। এছাড়া ৭০ শতাংশ উত্তরদাতা মনে করেন গণভোটের ফল সরকারের বাস্তবায়ন করা উচিত। এলাকার সংসদ সদস্যদের কার্যকারিতা নিয়ে ৫০ দশমিক ৯০ শতাংশ মানুষ ইতিবাচক মত দিয়েছেন। জরিপ প্রকাশের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা প্যানেল আলোচনায় অংশ নেন।