সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা অক্ষুণ্ণ রেখে দেশের মানুষের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এই আহ্বান জানান। স্পিকার উল্লেখ করেন, ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের মূল সৌন্দর্য। জাতীয় স্বার্থকে সবার উপরে রাখা এবং আলোচনার ভিত্তিতে যেকোনো সমস্যার সমাধান বের করা প্রত্যেকেরই দায়িত্ব।
বক্তব্যে স্পিকার বলেন, জাতীয় সংসদ হলো জনগণের সার্বভৌমত্ব, জনমত ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সর্বাবোচ্চ প্রাতিষ্ঠানিক রূপ। বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার ইতিহাস দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। এ দেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বারবার সাহস, চরম ত্যাগ ও অটল দৃঢ়তার প্রমাণ দিয়েছেন।
দেশের রাজনৈতিক পটভূমি তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার ডামি নির্বাচন, অত্যাচার, অন্যায়, নিপীড়ন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছিল। পরবর্তীতে ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পথ ধরে দেশে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়। তিনি স্পষ্ট করে বলেন, গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কোনো দেশের প্রকৃত ও স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।
জনগণের কাছে জাতীয় সংসদের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে স্পিকার জানান, জনরায়ের প্রতি সম্মান প্রদর্শন, সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন নিশ্চিত করা, জবাবদিহি তৈরি এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখাই এই সংসদের প্রধান কাজ। তিনি মনে করিয়ে দেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হিসেবে কাজ করে সুস্থ আলোচনা, যুক্তি প্রদর্শন, পারস্পরিক সম্মানবোধ এবং দায়িত্বশীল মতামত প্রকাশ।

