র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬' প্রণয়নের সরকারি উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী কার্যপ্রণালি-বিধির আইন প্রণয়ন-সংক্রান্ত কার্যাবলীতে সরকারি বিলটি স্থায়ী কমিটির সুপারিশ বিবেচনার জন্য আনা হলে বিলের ওপর বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, র্যাব বিলুপ্ত করে নতুন নামে একই ধরনের বাহিনী গঠন জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে না। তিনি সাফ জানিয়ে দেন, এই আইন কোনো অবস্থাতেই পাস করা উচিত নয়। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) বিলটি নিয়ে বিরোধী দল সাতটি আপত্তি জানিয়েছিল। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
বক্তব্যে শফিকুর রহমান বলেন, এই বিলটি সাধারণ কোনো বিল নয়। র্যাব প্রতিষ্ঠার পর থেকে তাদের সামগ্রিক কর্মকাণ্ডের নেতিবাচক দিকগুলো গোটা বিশ্বকে চিন্তিত করেছে। তিনি নিজে এবং সংসদে উপস্থিত অনেকেই এই বাহিনীর হাতে ভুক্তভোগী বলে দাবি করেন। তিনি বলেন, অনেকে গুমের শিকার হয়েছেন এবং অনেকে করুণভাবে জীবন দিয়েছেন। এ সময় তিনি সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারজিয়া বেগমের স্বামীর প্রসঙ্গ টেনে বলেন, মারজিয়া বেগমের চিকিৎসক স্বামীকে রাত ১২টায় কক্ষ থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছিল এবং পরে তাকে ছাদের ওপর থেকে ফেলে দেওয়া হয়।
র্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে তিনি বলেন, দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত সবাই বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন, কিন্তু কেউ নতুন নামে একই বাহিনী গঠনের কথা বলেননি। অথচ সরকার লজিস্টিক, স্থাপনা ও জনবল ঠিক রেখে শুধু নাম বদলে আরেকটি বাহিনী গঠনের প্রস্তাব এনেছে। তিনি পাঁচ দিন আগের একটি ঘটনার উল্লেখ করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রীর বাসায় কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই এই বাহিনীর সদস্যরা তাকে তুলে নিতে গিয়েছিল।
শফিকুর রহমান আরও বলেন, বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার পর তিনি দেখেছেন, এতে কিছু ছোটখাটো পরিবর্তন আনা হলেও মৌলিক কোনো পরিবর্তন নেই। এই বিল পাস না করে স্টেকহোল্ডারদের সঙ্গে আরও আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার যদি জনগণের সেন্টিমেন্ট ও বাস্তব অভিব্যক্তির প্রতি সম্মান দেখায়, তবেই এটি প্রত্যাহার করা উচিত। অন্যথায় জাতি ও বিশ্ব সম্প্রদায়ের কাছে এই বাহিনী কলঙ্কিত অবস্থায় থেকে যাবে।

