২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ডা. শফিকুর রহমান বলেন, ওই দিনের হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তবে তিনি স্পষ্ট করেন যে, জামায়াত কাউকে অন্যায়ভাবে শাস্তি দেওয়ার পক্ষে নয়। তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলটি ক্ষমতায় গিয়ে হত্যা, সন্ত্রাস ও দমন-পীড়নের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করেছে। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে ব্যাপক হত্যাকাণ্ড, লুটপাট ও নির্যাতনের অভিযোগও তোলেন তিনি। সে সময় রক্ষী বাহিনীর মাধ্যমে মানুষ হত্যার ঘটনার যথাযথ বিচার হয়নি বলেও তিনি দাবি করেন।
শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে জামায়াত আমির বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার আগে জাতির কাছে ক্ষমা চাইলেও পরবর্তী সময়ে তাঁর রাজনৈতিক অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ২০০১ সালে জনগণের বিপুল সমর্থন নিয়ে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে এসে যে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের সূচনা করেছিল, তা দেশের রাজনীতিকে ফ্যাসিবাদে ঠেলে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তৎকালীন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, চারদলীয় জোট ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন দীর্ঘ সময় ধরে সহিংসতা চলার সুযোগ তৈরি হয়েছিল, তা জাতির সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোর আলামত পরবর্তী সময়ে গায়েব করা হয় এবং অনেক মামলা প্রত্যাহার করা হয়। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই দাবি করে তিনি বলেন, রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করা, যা আওয়ামী লীগের কর্মকাণ্ডে অনুপস্থিত। তিনি বলেন, “আমরা এসব নিকৃষ্ট খুনির ন্যায়বিচার চাই, আমরা চাপিয়ে দেওয়া কোনো বিচার চাই না। অন্যায়ভাবে ফাঁসিও চাই না।”
সংবিধান সংস্কারের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন চায় এবং গণভোটে জনগণ সেই পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছে। তিনি সংবিধান ঘষামাজার পরিবর্তে গণপরিষদ গঠনের দাবি জানান। অনুষ্ঠানে এ টি এম আজহারুল ইসলাম, মিয়া গোলাম পরওয়ার, মাওলানা রফিকুল ইসলাম খানসহ জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

