সরকার সব দখলের পাঁয়তারা করছে, সতর্ক করলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার ক্ষমতা আঁকড়ে ধরে সবকিছু দখলের পাঁয়তারা চালাচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘From Resistance to Victory: Legacy of July’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “এই সরকার মনে করছে, তারা ক্ষমতায় আছে, সব দখল করবে। এটা শেখ হাসিনা ভেবেছিল, এর পরিণতি আপনারা দেখেছেন।” তিনি সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সাথে কোনো ঝামেলায় না জড়ানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ‍্য করা হচ্ছে এবং হল দখলের পাঁয়তারা চলছে। তিনি অভিযোগ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা হয়েছে। এছাড়া ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। হবিগঞ্জে আলিফ নামের এক কর্মীর চোখ উপড়ে ফেলার ঘটনার কথাও তিনি স্মরণ করেন।

জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, তারা গণঅভ্যুত্থানের ‘ট্রাম্প কার্ড’ হিসেবে কাজ করেছে। স্বৈরাচারী সরকার ভাবতেই পারেনি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে আন্দোলনে নেমে আসবে। সতেরো জুলাই দমনপীড়নের পর যখন সবাই ভেবেছিল আন্দোলন এগিয়ে নেওয়ার মতো কেউ নেই, তখন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অথচ দুঃখজনক বিষয় হলো, তাদের এই আত্মত্যাগের স্বীকৃতি বা ডকুমেন্টেশনের ব্যাপারে বর্তমান সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।