জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই কূটনৈতিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্যসচিব ও গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং এনসিপির পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের (এনপিএ) আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ বৈঠকের বিষয়ে জানান, সেখানে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মৌলিক অধিকার সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়েছে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

