রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে সিদ্ধান্ত হবে দলের বৈঠকেই: মির্জা ফখরুল

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনীত করা হবে—তিনি বিএনপির দলীয় কেউ হবেন নাকি দলের বাইরের কোনো ব্যক্তি, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দলের স্থায়ী কমিটির আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকে। শনিবার (২৫ জুলাই) বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, সংবিধানের আলোকে দেশের প্রচলিত সব নিয়ম-কানুন মেনেই রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশিদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে মির্জা ফখরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী হলেও বিএনপি বিশ্বাস করে গড়ার রাজনীতিতে। তার অভিযোগ, গত ১৭ বছরে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং এখন বিএনপি সেই অবস্থা থেকে দেশ পুনর্গঠনের দায়িত্ব পালন করছে।

কৃষি ও গ্রামীণ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বিএনপির মহাসচিব বলেন, কেবল অবকাঠামো উন্নয়নই যথেষ্ট নয়, প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষি প্রযুক্তির আধুনিকায়ন সমান গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না, যা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য উদ্বেগজনক এবং এর ফলে মানুষ কৃষিকাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে।

তিনি আরও বলেন, কৃষিপণ্যের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য কৃষিপণ্য সরাসরি বাজারজাত করার কার্যকর পরিকল্পনা গ্রহণের পাশাপাশি কৃষি গবেষণা ও আধুনিক প্রযুক্তির প্রসারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, যিনি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে আরডিএ-কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন কৃষি খাতের আধুনিকায়ন ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক।