ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, তারা কমিশনকে চোখ-কান খুলে স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। বুধবার দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন বর্তমানে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এ কারণেই তারা কমিশনকে তাদের দায়িত্বের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

তিনি আরও বলেন, যেহেতু আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, তাই দলটির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণও নিষিদ্ধ করতে হবে। এছাড়া রাজনৈতিক বিবেচনায় যাদের জনপ্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরও নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার যে সিদ্ধান্ত ইসি নিয়েছে, তা বাতিলের দাবিও তারা জানিয়েছেন। ইসি তাদের এই দাবি আমলে নিয়েছে এবং এ বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।