দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে বর্তমানে যে অস্থিরতা চলছে, তাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, এই খাতের বর্তমান সংকট মোকাবিলায় সরকারকে দ্রুত ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
রোববার ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে শফিকুর রহমান বলেন, দেশের গার্মেন্টস শিল্প বর্তমানে এক কঠিন সময় পার করছে। এই খাতের সংকটের পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল বা কমে যাওয়ার মতো বিষয়গুলো অন্যতম।
তিনি আরও উল্লেখ করেন, শিল্প খাতের অস্থিরতার পাশাপাশি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবনও বেশ কঠিন হয়ে পড়েছে। বাড়িভাড়া, নিত্যপণ্যের দাম, যাতায়াত এবং চিকিৎসা ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় শ্রমিকরা মানবেতর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
জামায়াতের আমির বলেন, দেশের প্রধান রপ্তানি খাতকে টিকিয়ে রাখার স্বার্থেই বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন। তিনি পরামর্শ দেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে উৎপাদনের গতি বাড়ানো সম্ভব হলে অন্যান্য সমস্যাগুলোও যৌক্তিকভাবে বিবেচনা করে সমাধানের পথ বের করা যাবে।
শিল্পের সুরক্ষায় মালিক ও শ্রমিক উভয় পক্ষের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিল্প বাঁচলে শুধু মালিকরাই উপকৃত হবেন না, বরং পুরো দেশ উপকৃত হবে। তাই শিল্প উদ্যোক্তাদের পাশাপাশি এই খাতে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষার বিষয়েও সরকারকে সমান দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে সব পক্ষকে সংযম বজায় রাখার এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান শফিকুর রহমান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে এবং এই পরিস্থিতি নিয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।

