বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চারজন নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এই চার জ্যেষ্ঠ নেতাকে নীতিনির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থায়ী কমিটিতে নতুন দায়িত্ব পাওয়া নেতারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। তাদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘসময় ধরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এছাড়া আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ফরহাদ হালিম একই ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে কাজ করেছেন। মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় বার্তায় আশা প্রকাশ করা হয়েছে যে, এই চার নেতা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে দল ও জনগণের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে বিএনপি প্রত্যাশা করছে।

