আইনশৃঙ্খলা ফেরাতে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেন আসিফ মাহমুদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি নিজেই দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে তাকে যেন দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি দাবি করেন, এই সময়ের মধ্যেই তিনি সব পরিস্থিতি স্বাভাবিক করে দেবেন।

নিজের প্রথম স্ট্যাটাসের কিছুক্ষণ পরেই আসিফ মাহমুদ আরেকটি পোস্টে বিকল্প প্রস্তাবও তুলে ধরেন। সেখানে তিনি বলেন, যদি তাকে দায়িত্ব দেওয়া না হয়, তবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে এই দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। আসিফ মাহমুদের মতে, জাহাঙ্গীর ভাই এই পরিস্থিতি শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে সক্ষম। এ সময় তিনি ‘অপারেশন ডেভিল হান্ট’-এর প্রসঙ্গটিও স্মরণ করিয়ে দেন।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব পালনকালে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।