কলকাতার আনন্দবাজার পত্রিকা অফিস ভবনের সামনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে একদল ব্যক্তি গেরুয়া পাগড়ি পরে উপস্থিত হন। এ সময় তারা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার পাশাপাশি পত্রিকাটির বিরুদ্ধে নানা স্লোগানও দেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিক্ষোভের সময় সেখানে পুলিশকে নিষ্ক্রিয় অবস্থায় দেখা গেছে।
বিক্ষোভকারীদের মধ্য থেকে একজন বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই মাটি শ্যামাপ্রসাদ মুখার্জী ও বিবেকানন্দের মাটি, এটি গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া রং বা বিষয় নিয়ে কোনো কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। তবে এই বিক্ষোভকারীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
ধারণা করা হচ্ছে, এই ঘটনার পেছনে আনন্দবাজার পত্রিকায় গত ২১ আগস্ট প্রকাশিত একটি শিরোনামের প্রভাব থাকতে পারে। গত ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির মিছিল থেকে উত্তেজনা সৃষ্টির পরের দিন পত্রিকাটি ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছিল। এই শিরোনামের তীব্র প্রতিবাদ করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ২৮ আগস্ট অন্য একটি অনুষ্ঠানে আনন্দবাজার পত্রিকাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘গেরুয়া তাণ্ডব’ শিরোনাম প্রত্যাহার করতে হবে এবং গেরুয়া শব্দকে কালিমালিপ্ত হতে দেওয়া হবে না।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে নানা আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। এছাড়া হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় একটি এফআইআর দায়ের করেছিল।

