ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আবারও আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দিল্লিতে দলটির পূর্বঘোষিত ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচি পালনের কথা ছিল। এই কর্মসূচিতে অংশ নিতে নিজের বাড়ি থেকে বের হওয়ার পরপরই তাকে আটক করা হয়। চলতি সপ্তাহে এটি তার দ্বিতীয়বারের মতো আটক হওয়ার ঘটনা।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেলে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই কর্মসূচিটি পালনের ডাক দিয়েছিলেন অভিজিৎ দীপক। সিজেপির শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। তবে কর্মসূচির কয়েক ঘণ্টা আগেই দিল্লি পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে। পুলিশ তাকে এই কর্মসূচিতে অংশ না নেওয়ার জন্য নোটিশ দিয়েছিল, কিন্তু সেই নোটিশ উপেক্ষা করে বের হলে তাকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় অভিজিৎ দীপক পুলিশের এক কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। ভিডিওতে দীপককে ওই কর্মকর্তার কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে প্রশ্ন করতে দেখা যায় এবং তিনি দাবি করেন যে পুলিশ তাকে কর্মসূচি বাতিল করতে বাধ্য করার চেষ্টা করছে।
উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে আয়োজিত অপর একটি কর্মসূচিতে অংশ নেওয়ার সময়ও দীপককে আটক করা হয়েছিল। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেই সময় মুম্বাই থেকে দিল্লিতে আসার পথে বিমানের ভেতর থেকে তাকে আটক করা হয়।

