ঢাকা-চট্টগ্রাম লংমার্চ থেকে সরকার পতনের এক দফার হুঁশিয়ারি ১১ দলের

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়। সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তাদের ঘোষিত ছয় দফা দাবি মানা না হলে আরও তিন বিভাগে লংমার্চ শেষে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করা হবে।

লালদীঘির ঐতিহাসিক ময়দানে আয়োজিত এই সমাপনী জনসভায় সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার দেশের ১৮ কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এই লংমার্চ ছিল সরকারকে সতর্ক করার জন্য, তবে আগামী দিনের কর্মসূচিগুলো এমন হবে না। তিনি স্পষ্ট করে বলেন, এই ছয় দফার একটি দফাও শুধু ১১ দলের নয়, এটি এ দেশের সাধারণ মানুষের দফা। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমেই এই লড়াইয়ে বিজয় অর্জিত হবে।

সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার ১৮০ দিনে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তারা কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি। দেশে তেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট চলছে এবং সরকার সবদিক থেকে ব্যর্থ হয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, যে সংসদে সালাহ উদ্দিন সাহেব একাই সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন, তিনি নিশ্চয়ই বিরোধী দলের ভূমিকাও পালন করতে পারবেন। তাই আপনারা সংসদে থাকুন, আর আমরা জনগণের সঙ্গে রাজপথে আছি। তিনি আরও বলেন, মানুষ শেখ হাসিনার দুঃশাসন থামাতে ১৬ বছর অপেক্ষা করেছে, কিন্তু এই সরকারের জন্য পাঁচ বছরও অপেক্ষা করবে না। সময় থাকতে বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার উদ্যোগ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের বিচার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার নিশ্চিত করতে এই লংমার্চ করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৪ সালে যেভাবে ৯ দফা এক দফায় রূপ নিয়েছিল, তেমনি ছয় দফা বাস্তবায়ন না হলে এটিও এক দফায় রূপ নেবে। এছাড়া শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে তিনি বলেন, সরকারের সব ব্যর্থতার দায়ভার বিএনপি নেতাদেরও নিতে হবে এবং প্রতিটি মন্ত্রী-এমপিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

এর আগে শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এই লংমার্চের যাত্রা শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ে সংসদ ও রাজপথে সমান্তরাল আন্দোলন চলবে। তিনি ছয় দফার সঙ্গে 'সপ্তম দফা' যোগ করে বলেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাশত করা হবে না। একই সঙ্গে গ্যাস-বিদ্যুতের বিলের প্রতিবাদ করায় গ্রেপ্তার হওয়া সিফাত নামের এক তরুণকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। এ প্রসঙ্গে তিনি নুর হোসেন, ইয়াসমিন ও ডা. মিলনের আন্দোলনের উদাহরণ টেনে সরকারকে সতর্ক করেন।

উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, দাবি পূরণ না হলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক অভিযোগ করেন, ক্ষমতা গ্রহণের ছয় মিনিটের মাথায় সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের গণরায় মেনে নিয়ে সংসদ অধিবেশনের ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে কিন্তু সরকার সেটি করেনি। সেই ট্রেন সরকার মিস করে ফেলেছে। ১৮০ দিনের মধ্যে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের ট্রেনও সেপ্টেম্বরের পর মিস হয়ে যাবে। তাই সেপ্টেম্বরের মধ্যেই গণভোটের গণরায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার বন্ধু ও শত্রু চিনতে পারে না বলেই তাল হারিয়ে ফেলছে। গত ছয় মাসে সরকারের ১৫০ টাকা লাঞ্চ আর ৫০ হাজার ফ্যামিলি কার্ডের গল্প ছাড়া আর কোনো গল্প নেই, কোনো অর্জন নেই। সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপিসহ অন্য শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

সকাল সাড়ে ৮টায় শাপলা চত্বর থেকে প্রায় দেড় হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার নিমসার, পদুয়ার বাজার ও চৌদ্দগ্রাম, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে বড় বড় পথসভা অনুষ্ঠিত হয়। প্রতিটি পথসভাই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বিশাল জনসভায় পরিণত হয়। কাঁচপুরে বৃষ্টির মধ্যেও হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। কুমিল্লার পদুয়ার বাজারে ডা. শফিকুর রহমান ১৯৯৪ সাল থেকে ঝুলে থাকা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানান। ফেনীর মহিপালে তিনি বলেন, সরকার নির্লজ্জ দলীয়করণ করছে, যার বিরুদ্ধে চূড়ান্ত ডাক এলে জনগণকে রাজপথে নেমে আসতে হবে।

can-শান্তিপূর্ণভাবে এই দীর্ঘ কর্মসূচি শেষ করতে পথে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে যাত্রাপথে বহরের দু-একটি গাড়ি ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা গেছে। এই লংমার্চ সফল করতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি বাস্তবায়ন কমিটি কাজ করেছে। ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পর জোটের পরবর্তী কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর, ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া এবং ২১ নভেম্বর ট্রেনযোগে সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ডিসেম্বর বা জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে এই দফার আন্দোলন চূড়ান্ত রূপ নেবে।