নাটোরে বিমানমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পথসভা চলাকালে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এই আটকের ঘটনা ঘটে। আটক যুবকের নাম শামস আল আমিন তামিম (২৯)। তিনি নাটোরের প্রয়াত বিএনপি নেতা ও সার ব্যবসায়ী শামসুল আলমের ছেলে এবং বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটের দিকে উত্তরা গণভবনের সামনে বিমানমন্ত্রীর পথসভা চলছিল। এ সময় সমাবেশস্থলে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুুলু, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় সব শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। ওই সময় খয়েরি রঙের পোশাক পরা তামিম নামের ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে আটক করে। তামিম নাটোর পৌরসভার কানাইখালী এলাকায় তাঁর পরিবারের সঙ্গে থাকেন এবং বাবার সার ডিলারশিপের ব্যবসা দেখাশোনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আলম জানান, মন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য রাখছিলেন। ওই সময় তামিম নামের ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন। একপর্যায়ে মন্ত্রী যখন মঞ্চ থেকে নামছিলেন, তখন তাঁর সঙ্গে ওই যুবকের দুইবার ধাক্কা লাগে। এতে পুলিশের সন্দেহ হলে তাকে পাশে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর কাছে একটি পিস্তল পাওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে তাকে আটক করে নাটোর সদর থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তামিম দাবি করেন, পিস্তলটি তাঁর বাবার নামে লাইসেন্স করা এবং নিজের আত্মরক্ষার জন্য তিনি সেটি সঙ্গে নিয়ে এসেছিলেন। নিজেকে একজন শিক্ষার্থী হিসেবেও দাবি করেন তিনি। তবে পুলিশের অন্য একাধিক সূত্র জানিয়েছে, আটক তামিম দীর্ঘদিন ধরে নিয়মিত মাদকাসক্ত এবং উদ্ধার হওয়া পিস্তলটি আসলে তাঁর বাবার লাইসেন্সকৃত পিস্তল নয়। এটি দেখতে এবং ওজনে হুবহু আসল পিস্তলের মতো হলেও এটি মূলত অনলাইন শপ 'দারাজ' থেকে কেনা একটি খেলনা পিস্তল। এ প্রসঙ্গে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম বলেন, উদ্ধার হওয়া বস্তুটি খেলনা পিস্তল হলেও, কেন ওই যুবক সেটি নিয়ে সমাবেশস্থলে গিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।