বন্দরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের শিশুসহ তিনজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। গত শুক্রবার (৭ আগস্ট) ভোরে মুসাপুর ইউনিয়নের চাপাতলি ইটেরপুল এলাকায় সেলিমের বাড়ির ভাড়াটিয়া রাজমিস্ত্রী মঈদুলের ঘরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মঈদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ মঈদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় ও স্বজনদের ভাষ্যমতে, শুক্রবার ভোরে মঈদুল লাইটার দিয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে পরিবারের তিন সদস্য দগ্ধ হওয়ার পাশাপাশি ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে, সেলিমের বাড়ির ওই গ্যাসের লাইনটি অবৈধ সংযোগ ছিল বলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঘরটিতে কোনোভাবে গ্যাস লিকেজ হয়ে জমে ছিল। ভোরে মঈদুল লাইটার জ্বালালে গ্যাস বিস্ফোরণটি ঘটে।