মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন বিমানের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে একই দিন সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। অভিযোগ রয়েছে, ফ্লাইটটিতে আসা ওমরাহ যাত্রীদের জন্য নির্ধারিত জমজমের পানি সময়মতো ব্যাগেজ বেল্টে পৌঁছায়নি।
প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, কন্টেইনার অফলোডিং এবং পরিচালনগত গাফিলতির কারণেই ব্যাগেজ বেল্টে পানি পৌঁছাতে দেরি হয়েছে। সেবার মান ও কাজের দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে এই কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘটনার পরপরই যাত্রীদের ভোগান্তি কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করে। পরবর্তী সময়ে অপর কন্টেইনারটি দ্রুত শনাক্ত করে সরবরাহ নিশ্চিত করা হয়। বিমান কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অভ্যন্তরীণ তদারকি জোরদার করা হয়েছে এবং যাত্রীদের সর্বোচ্চ মানসম্মত সেবা প্রদানের জন্য তারা অঙ্গীকারবদ্ধ।

