নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিআরটিসির একটি বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে ইউসুফ তার স্কুটি চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন। পথে নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার স্কুটির সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের ওপর পড়ে যান।
ঠিক সেই মুহূর্তে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে দ্রুতগতিতে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

