সিলেট নগরের কাস্টঘর এলাকায় স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে কাস্টঘর এলাকার সুইপার কলোনিতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত হৃদয় কুমার হরিজন কাস্টঘর এলাকার বাসিন্দা ছিলেন এবং সিলেট সিটি করপোরেশনে (সিসিক) পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার পরিবারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্যমতে, ঘটনার সময় আমিন নামের এক ব্যক্তি হৃদয়ের স্ত্রী পিংকি রানীর ছবি তুলছিলেন। বিষয়টি নজরে এলে হৃদয় এর প্রতিবাদ করেন, যা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে সহযোগীদের ডেকে আনেন। এরপর তারা সবাই মিলে হৃদয়কে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত হৃদয়ের স্বজনদের অভিযোগ, স্ত্রী পিংকি রানীর ছবি তোলার প্রতিবাদ করার কারণেই আমিন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

