সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই অকাল ও হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী বলেন, জীবিকার সন্ধানে সুদূর সৌদি আরবে কর্মরত অবস্থায় আমাদের এই প্রবাসী ভাইদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। এই আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নিহতদের পরিবারের প্রতি সহায়তার বিষয়ে মন্ত্রী জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহত প্রবাসী কর্মীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

শোকবার্তায় মন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের এই অসীম শোক সহ্য করার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।