শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম। চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শাহাদতবরণকারী দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাতে প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শহীদ সেনাসদস্যদের পরিবারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তারা প্রাণ দিয়েছেন। এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে সরকার ও সেনাবাহিনী সবসময় তাদের পাশে আছে এবং থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের পাশাপাশি তাদের পরিবারের দেখভালের দায়িত্ব সরকার পালন করবে।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শহীদ দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শহীদদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া শহীদদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতার ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার উপস্থিত ছিলেন। অন্যদিকে, মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক উপস্থিত ছিলেন।