ঝিনাইদহ শহরতলীর মহিলা কলেজপাড়া এলাকায় রুমমেটের বটির আঘাতে কাওসার আহমেদ (২১) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় অভিযুক্ত লিখন হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত কাওসার আহমেদ ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাওসার ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় জাফর শেখের বাড়িতে থাকা একটি ছাত্রাবাসে রুমমেটদের সঙ্গে বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেসের খাবার খাওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে রুমমেট লিখন হোসেনের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লিখন মেসের রান্নাঘর থেকে একটি বটি এনে কাওসারের ঘাড়ের বাম পাশে কোপ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহত কাওসার মাটিতে লুটিয়ে পড়েন।
মেসের অন্য সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাওসারের মৃত্যু হয়। ঘটনার পর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে কাওসারের রুমমেট লিখন হোসেনকে আটক করে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিখন হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতাল চত্বর থেকে আটক করা হয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

