ব্যবসায়ীকে তুলে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, পুলিশের এসিসহ ৩ প্রত্যাহার

চট্টগ্রামে এক ব্যবসায়ী ও তাঁর বন্ধুকে অপহরণ করে ১৮ লাখ টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগে পুলিশের এক সহকারী কমিশনার (এসি) এবং দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এই আদেশ জারি করেন।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন নগর পুলিশের এলআইসি শাখার সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফুল আলম চৌধুরী, এএসআই বশির উদ্দিন এবং রেশন শাখার এএসআই মো. সুফিয়ান। এসি শরীফুলকে সিএমপির সদর দপ্তরে এবং দুই এএসআইকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এই ঘটনার সত্যতা যাচাই ও জড়িতদের ভূমিকা খতিয়ে দেখতে সিএমপির উপকমিশনার (পিএমও) মো. বদরুজ্জামানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর নগরের হালিশহর থানার কে-ব্লক এলাকা থেকে ব্যবসায়ী আখতারুজ্জামান শাকিল ও তাঁর বন্ধু মো. মনসুরকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশের কাছে তথ্য ছিল, শাকিল অনলাইন জুয়ার এজেন্ট এবং তাঁর মুঠোফোনে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি বা বাইন্যান্স ডলার রয়েছে। এরপর তাঁদের সিএমপি কার্যালয়ের নিচতলায় অত্যন্ত সুরক্ষিত ও গোপনীয় এলআইসি শাখায় নিয়ে যাওয়া হয়। সেখানে এসি শরীফুল তাঁর কক্ষে প্রথমে এক কোটি টাকা দাবি করেন। পরবর্তীতে দর-কষাকষির মাধ্যমে শাকিলের মুঠোফোনে থাকা সাড়ে ১২ হাজার বাইন্যান্স ডলার ও নগদ ১০ লাখ টাকায় বিষয়টি রফা হয় বলে অভিযোগ উঠেছে।

ব্যবসায়ী শাকিলের অভিযোগ অনুযায়ী, প্রথমে তাঁর বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে তিন দফায় সাড়ে ১০ হাজার ডলার অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এরপর সিটি ব্যাংক থেকে ৬ লাখ টাকা বাইন্যান্সের মাধ্যমে ডলারে রূপান্তর করে হাতিয়ে নেওয়া হয়। এছাড়া দামপাড়া পুলিশ লাইনের পাশে ব্র্যাক ব্যাংকের একটি এটিএম বুথ থেকে তাঁকে দিয়ে আরও টাকা তোলানো হয় এবং মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে নেওয়া হয় ৮০ হাজার টাকা। পরদিন আরও ৫ লাখ টাকা দেওয়ার শর্তে তাঁর গাড়িটি ফেরত দেওয়া হলেও এসি শরীফুল তাঁর ১৪টি মুঠোফোন নিজের কাছে রেখে দেন।

আখতারুজ্জামান শাকিল জানান, তিনি নিয়মিত মুঠোফোনে গেম খেলেন। তাঁর খামার ও খাতুনগঞ্জে প্লাস্টিক দানার ব্যবসা রয়েছে। গেম খেলাকে জুয়া হিসেবে আখ্যা দিয়ে মামলা ও ভয়ভীতি দেখানোর কারণে তিনি টাকা দিতে বাধ্য হন। তাছাড়া ফোনে ব্যক্তিগত ছবি ও ভিডিও থাকায় তিনি চরম আতঙ্কের মধ্যে ছিলেন। পরবর্তীতে ওই ফোনগুলো ফেরত দেওয়ার বিনিময়ে একটি আইফোন দাবি করা হয় এবং তা না দিলে ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, সিএমপির এলআইসি শাখাটি অত্যন্ত গোপনীয় এবং সেখানে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধী শনাক্ত করার কাজ করা হয়। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি নিয়ন্ত্রিত এই শাখায় কর্মরত কর্মকর্তাদের সাধারণ কোনো অভিযানে যাওয়ার নিয়ম নেই।