গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানো এবং জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোতেও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।

রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রতিনিধিদলটির নেতৃত্বে ছিলেন শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসা।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশের পুরোনো ও বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের ক্ষেত্রে শেভরনের বিনিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

এই দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।