নবজাতককে রেখে মা চলে যাওয়ায় দায়িত্ব নিল লালমাই প্রশাসন

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা রেললাইনের পূর্ব পাশে একটি ঘরে এক নবজাতক কন্যাসন্তানের জন্ম হয়। জন্মের পরপরই মুন্নি বেগম নামের ওই নবজাতকের মা শিশুটিকে অন্যের কাছে রেখে চলে যান। শিশুটির সুরক্ষায় ছফুরা বেগম নামের স্থানীয় এক বৃদ্ধা এগিয়ে আসেন এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যান। তবে আর্থিক অসচ্ছলতার কারণে শিশুটির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়। সেখানে শিশুটিকে একনজর দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন।

ঘটনার খবর পেয়ে লালমাই উপজেলা প্রশাসন শিশুটির নিরাপত্তা ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করে। ইউএনওর নির্দেশনায় উপজেলা সমাজসেবা কার্যালয় শিশুটির সুরক্ষা নিশ্চিতের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে গত শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ছফুরা বেগম লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শিশুটির প্রকৃত অভিভাবকের পরিচয় না পাওয়ায় এবং চার দিন অতিবাহিত হওয়ার পরও কোনো দাবিদার না আসায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় যৌথভাবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। এরপর শিশুটিকে চট্টগ্রামের সরকারি শিশু সেফ হোম ও আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস জানান, ঘটনাটি জানার পরপরই তারা শিশুটির সার্বিক নিরাপত্তা ও চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। যেহেতু শিশুটির কোনো আইনি অভিভাবকের পরিচয় পাওয়া যায়নি, তাই শিশু আইন মেনে তাকে সরকারি নিরাপদ হেফাজতে (সেফ হোম) পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় যৌথভাবে শিশুটির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করেছে।