রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত দশটা পাঁচ মিনিটের দিকে এই নাশকতার ঘটনাটি ঘটে। এ সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামানো হয়েছিল। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। তবে বাসের যাত্রী, চালক এবং তার সহকারী সবাই নিরাপদে নেমে আসতে সক্ষম হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদিও আগুনে পুরো বাসটি পুড়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পালিয়ে যাওয়ার সময় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত ওই দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

