তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণের প্রক্রিয়ায় কোনো ধরনের দালাল কিংবা মধ্যস্বত্বভোগীর কোনো স্থান নেই। তিনি স্পষ্ট করেছেন যে, যদি কোনো ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার ২৮ জুলাই সকালে বরিশালের গৌরনদীর কুতুবপুরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ক্ষমতার প্রকৃত উৎস হলো জনগণ এবং আমরা কেবল তাদের সেবক হিসেবে কাজ করছি। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে এ ধরনের কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং জেলা যুবদলের সৈয়দ আলম খান সেন্টুসহ অন্যান্য নেতারা।

