সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রথমবারের মতো যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তার মন্ত্রিত্ব নিয়ে চলমান আলোচনার বিষয়ে খোলামেলা কথা বলেছেন। মাল্টিমিডিয়া রিপোর্টার আশরাফুল ইসলামের নেওয়া এই সাক্ষাৎকারে তিনি জানান, সরকার বা মন্ত্রিত্ব কোনোটিই স্থায়ী বিষয় নয়। এগুলো আসা-যাওয়ার মধ্যেই থাকে এবং তিনি বিষয়টিকে উপভোগ করেন।
মন্ত্রী বলেন, আমি জানি কিছু মানুষ এসব বিষয় নিয়ে লিখে মজা পায়, তাদের মজা পেতে দেওয়া উচিত। আমি আমার এলাকার জনগণ এবং রাষ্ট্রের কাছে অঙ্গীকারবদ্ধ। একজন আপাদমস্তক রাজনীতিবিদ হিসেবে আমি প্রথমবার সংসদ সদস্য হয়েছি এবং প্রথমবারই মন্ত্রিসভায় এসেছি। আমার দল ও সরকারের প্রধান আমাকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেছেন বলেই দায়িত্ব দিয়েছেন।
নিজের কাজের প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, আমি আমার জ্ঞান ও যোগ্যতার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করছি। যদি আমি জনগণের বা সরকারের প্রত্যাশা পূরণে ব্যর্থ হই, তবে সরকার নিশ্চয়ই তা বিবেচনা করবে। যারা প্রচার করছে যে আমি ক্যাবিনেটে থাকছি না, তাদের প্রচারের কোনো ভিত্তি নেই। হয়তো এমনটা ভেবেই তারা শান্তি পায় বা তৃপ্তি খুঁজে নেয়।
তিনি আরও উল্লেখ করেন, আমি সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে জানি। ধানমন্ডির মতো গুরুত্বপূর্ণ আসন থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছি এবং ৩৪ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, দলের আস্থা ও এলাকার জনগণের দেওয়া দায়িত্বের অমর্যাদা আমি কখনো করব না। আমি সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্য হিসেবে যে দুটি শপথ নিয়েছি, সেই শপথ অনুযায়ীই দায়িত্ব পালন করে যাচ্ছি।

