বুধবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সার্ককে কার্যকর করার বিষয়ে একমত পোষণ করেন।
ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশসমূহের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উল্লেখ করেন যে, সার্ককে পুনরায় কার্যকর করার সুযোগ এখনো রয়েছে এবং এ ক্ষেত্রে নেপালকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নেপালের রাষ্ট্রদূত এই আহ্বানের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
বৈঠকে সংসদীয় কূটনীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন ভারপ্রাপ্ত স্পিকার। তিনি আশা প্রকাশ করেন যে, উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ কার্যকর হলে জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সফর আয়োজন, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক ফোরামে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার নতুন পথ উন্মোচিত হবে।
এ সময় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গটি আলোচনায় আসে। কায়সার কামাল বলেন, শিক্ষা, সংস্কৃতি, যুব উন্নয়ন, পানি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে আলোচনার ক্ষেত্র প্রসারিত করার সুযোগ রয়েছে, যা উভয় দেশ কাজে লাগাতে পারে।
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন অভিযাত্রার প্রশংসা করেন। তিনি বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

