মানিকগঞ্জের জাবরায় বিশাল পাতিলে ১০১ মণ খিচুড়ির তবারক রান্না

মানিকগঞ্জের ঘিওরে জাবরা ইমামবাড়ি দরবার শরিফের ১০৬তম ওরস মাহফিল উপলক্ষে এক বিশাল আয়োজনে ১০১ মণ খিচুড়ি রান্না করা হয়েছে। প্রায় ৪০ হাজার ভক্ত ও আশেকানের জন্য চাল, ডাল ও সবজি দিয়ে এই তবারক তৈরির ব্যতিক্রমী দৃশ্য দেখতে হাজারো মানুষ ভিড় করেন। একজন প্রধান বাবুর্চিসহ মোট ৩০ জন কর্মী প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেন।

প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী এই দরবারটি সাত পুরুষ ধরে পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর ভাদ্র মাসের ১২ ও ১৩ তারিখ এবং মাঘ মাসের ১২ ও ১৩ তারিখ—এই দুই দফায় ১০১ মণ করে খিচুড়ি রান্না করা হয়। এবার রান্নায় ৩৬ মণ চাল, ২০ মণ সবজি, ছয় মণ ডাল, আট মণ ঘি, দুই বস্তা লবণ ও প্রয়োজনীয় মসলা ব্যবহার করা হয়েছে। রান্নার সময় পাতিলের মাঝখানে বিশেষ মোটর ব্যবহার করে উপকরণগুলো মেশানো হয়।

প্রধান বাবুর্চি সাইফুল ইসলাম জানান, পীর সাহেবের নির্দেশনায় এই বিশাল ড্যাগে রান্না করা হয়। স্থানীয়দের দাবি, এত পরিমাণ চাল ও ডাল দিয়ে খিচুড়ি রান্নার জন্য ব্যবহৃত এই পাতিলটি দেশের সবচেয়ে বড় রান্নার ড্যাগ। দরবার শরিফের পীর হযরত মাওলানা আবুল কালাম আজাদ আল চিশতি জানান, প্রায় নয় বছর আগে এক স্বপ্নে তিনি এ ধরনের পাতিল তৈরির ধারণা পান। ভারতের আজমীর শরিফের খাদেমের ফর্মুলা ও অনুমতি নিয়ে প্রায় চার মাস সময় নিয়ে দুই মিস্ত্রি এটি তৈরি করেন। স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এই পাতিলের জন্য খরচ হয়েছে প্রায় সাত লাখ টাকা এবং এর জন্য ১২ হাজার ইট দিয়ে একটি বিশেষ বিশাল চুলা নির্মাণ করা হয়েছে।

রাজশাহী, রংপুর, ঢাকা, পাবনা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের বিশ্বাস, এই তবারক খেলে মনের আশা পূরণ হয় এবং রোগমুক্তি ঘটে। অনেক নারী ভক্ত জানান, সন্তান লাভের আশায় তারা এই তবারক গ্রহণ করতে আসেন। মূলত ভক্তদের অনুদান ও খরচে পরিচালিত এই আয়োজন এখন একটি মিলনমেলায় পরিণত হয়েছে। দুপুর থেকে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে এই তবারক বিতরণ করা হয়।